সাভারের আশুলিয়ায় দুলাভাই ও বড় বোনকে আটকে রেখে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ সেপ্টেম্বর)দুপুরে আশুলিয়ার গাজিরচট এলাকার এ ঘটনা ঘটে । পরে খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে মিথুন ও আরাফাত নামে দুই যুবককে আটক করেছে । আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার গাজিরচট এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে আসে তার ছোট বোন । পরে দুপুরের দিকে হঠাৎ করেই স্থানীয় মিথুন ও আরাফাতসহ চার বখাটে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে বড় বোন আর দুলাভাইকে একটি কক্ষে আটকে রাখে । এসময় বেড়াতে আসা ওই তরুণীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে বখাটেরা নির্যাতন চালায় । এছাড়া এ বিষয় কাউকে জানালে তাদেরকে মেরে ফেলার হুমকিও দেয় তারা ।
ওসি জাবেদ মাসুদ বলেন, নির্যাতিতা তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।







