গাজীপুর মহানগরের মালেকের বাড়ি (ডেগের চালা) এলাকার নিউটেক্স কারখানায় নিরাপদ পানির দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখার তিন ঘণ্টা পর তা প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা। রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ইন্সপেক্টর কাজী ইসমাইল হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষেল সঙ্গে আলোচনা করার পর শ্রমিকদের দাবি-দাওয়া আশ্বাসের প্রতিশ্রুতি দিলে তারা বিকাল সোয়া তিনটায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।’ এই ঘটনায় বিকাল তিনটা থেকে ওই এলাকার ২০-২৫টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে রবিবার সকালে নিউটেক্স কারখানায় পানি পান করে কয়েক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় নিরাপদ পানির দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ ঘটনার পর শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে নিরাপদ পানি সরবরাহের দাবি জানায়। এসময় কিছু উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।







