টাঙ্গাইলে ৮৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাঁশজানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মামুন মিয়া (২৮), ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর বাকরিবাজার এলাকার আব্দুল আজিজের ছেলে রিয়াদ (৩৭), বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে রুবেল হোসেন (২৭)।
কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, ঢাকা থেকে প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের নগর জলফৈ বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করতে থাকে র্যাব সদস্যরা। এমন সময় একটি কালো রঙের প্রাইভেটকার র্যাব সদস্যদের সিগন্যাল না মেনে দ্রুতগতিতে এগিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ওই প্রাইভেটকারের পিছু নিয়ে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাঁশজানা এলাকায় গিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৮ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪৬৫ টাকা উদ্ধার করা হয়। ৮৮ কেজি গাঁজার মূল্য আনুমানিক ১১ লাখ ৪৪ হাজার টাকা।








