সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের প্রচারণার ব্যানার টানাতে গিয়ে তার হাসপাতালের এক ওয়ার্ড বয় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার নাম রিপন (২০)। মঙ্গলবার (২ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।
রিপন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় নিশ্চিত করে হাসপাতালের অপারেশন ইনচার্জ নাছির উদ্দিন বলেন, ‘আহত রিপনকে প্রাথমিক চিকিৎসা শেষে আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরের প্রায় অর্ধেক বিদ্যুতের আগুনে ঝলসে গেছে। তবে, এখন পর্যন্ত তার চিকিৎসা চললেও আশঙ্কামুক্ত রয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে ওয়ার্ড বয় রিপন সাভার থানা বাসস্ট্যান্ডে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিলবোর্ডের সঙ্গে এমপির একটি ব্যানার টানাতে যায়। ব্যানারটি বিলবোর্ডের নিচ দিয়ে ঝোলানোর একপর্যায়ে ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মূল লাইনের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এসময় তার পায়ে আগুন ধরে যায়। সে বিলবোর্ডের লোহার সঙ্গে ঝুলে থাকে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে বিষয়টি জানালে মূল লাইনটি বন্ধ করে দেওয়া হয়। পরে রিপনকে গুরুতর অবস্থায় ওপর থেকে নামানো হয়।
বিষয়টি জানতে হাসপাতালের মালিক ও সংসদ সদস্য ডা. এনামুর রহমানের মোবাইলফোনে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ওসি আবদুল আওয়াল বলেন, ‘আমি বিষয়টি শুনেছি।’








