মেহেরপুর শহর থেকে বিস্ফোরক দ্রব্য ও দেশি অস্ত্রসহ চার জেএমবি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শহরের ফৌজদারিপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরের পর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে সাব-ইন্সপেক্টর মোস্তফা শওকত জামানের নেতৃত্বে ডিবি পুলিশ শহরের ফৌজদারিপাড়ার আসমত আলী নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ৪০/৫০ জন সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে।
গ্রেফতার জেএমবি সদস্যরা হলো মানিকগঞ্জ জেলার চরমকিমপুর গ্রামের তারা মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩২), মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল ইসলাম বাঙ্গাল (২৫), ঝাউবাড়িয়া নওদাপাড়ার শামিম ইসলামের ছেলে টিপু পারভেজ (২২) এবং একই উপজেলার ফতেপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে সোহেল রানা (২০)।
পুলিশ আরও জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে লালটেপ মোড়ানো ৮টি ককটেল, ৩টি পেট্রোলবোমা, একটি রামদা, একটি হাঁসুয়া, একটি দা, পাঁচটি লোহার রড ও জেএমবির সাংগঠনিক কর্মসূচি লেখা একটি খাতা, একটি প্যাড, ২০টি লিফলেট, ৯টি বিভিন্ন আকৃতির ইলেকট্রনিক সার্কিট, দুটি ছোট আকৃতির মোটর, সিমসহ চারটি মোবাইল ও পাঁচ গজ বৈদ্যুতিক তার জব্দ করা হয়।
মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মেহেরপুরের বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে। তারা অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। একই সঙ্গে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বেশ কিছু অনুসারীর নামও পাওয়া গেছে।
তিনি আরও জানান, আটকৃতরা জেএমবি নেতা গাইবান্ধার মতিন মেহেদীর অনুসারী। মতিন মেহেদী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে টাঙ্গাইল জেলা কারাগারে আছেন। তবে তিনি ‘আল্লাহর দল’ নামে একটি সংগঠনের প্রধান নেতা হিসেবে পরিচিত।







