মুন্সীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০ জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটকের পর এ দণ্ড দেওয়া হয়। জেলা মৎস্য কর্মকর্তা নিপেন্দ্র নাথ বিশ্বাস জানান, ১০ জনের মধ্যে ছয় জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং চার জনকে ১২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় ১ লাখ ২৬ হাজার মিটার জাল, ৬৬০ কেজি ইলিশ মাছ ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
এই মৎস্য কর্মকর্তা জানান, সদর উপজেলায় কালীরচরে ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ও অবৈধভাবে শিকার করা ২৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় ছয় জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। টংগিবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে দুজনকে আটক করে ছয় হাজার টাকা করে জরিমানা করা হয়। টংগিবাড়ী থেকে ১৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গজারিয়া থেকে আটক করা হয় দুজনকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় হাজার টাকা করে জরিমানা করা হয়। গজারিয়া থেকে ৩৫ কেজি ইলিশ ও ২২ হাজার মিটার জাল জব্দ করা হয়। শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। লৌহজং থেকে ২০০ কেজি মা ইলিশ ও ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
নিপেন্দ্র নাথ বিশ্বাস আরও জানান, অন্যান্য দিনের মতো আজকের জব্দ করা মাছও স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জাল পুড়িয়ে নষ্ট করা হয়।’ নিয়মিতভাবে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।







