আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তুলে নেওয়া যুবলীগ নেতা শফিকুর রহমান ভূঁইয়া বাদলসহ তিনজনকে সাভার ও গাজীপুরে রেখে গেছে অপহরণকারীরা। বৃহস্পতিবার ভোরে তাদের পৃথক দুটি স্থান থেকে পেছনে হাত বাঁধা অবস্থায় রেখে যায়।
অপহরণকারীরা পিঠমোড়া করে হাত বাঁধা অবস্থায় যুবলীগ নেতা শফিকুর রহমান ভূঁইয়া বাদলকে (৪৫) সাভারের আশুলিয়ায় রেখে যায়। তাকে নির্যাতন করা হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। এছাড়া একই এলাকার সাকিল মিয়া (২৮) ও সাকিল ভূঁইয়াকে (২৫) গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় থেকে একইভাবে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, যুবলীগ নেতাসহ তিনজনকে পৃথক দুটি স্থানে রেখে গেছে অপহরণকারীরা। তবে কারা, কেন, কী কারণে তাদের অপহরণ করেছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল রহমান ভূইয়া বাদলকে (৪৫) ও তার দুই সহযোগীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা ঢাকা-সিলেট মহাসড়ক তিনঘণ্টা অবরোধ করে রাখে।







