নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হত্যা মামলায় গ্রেফতার আসামি মোবারক হোসেন ওরফে মোবার অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীমা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। লোকমান হত্যা মামলায় বাদী পক্ষের আইনজীবী আসাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, মেয়র লোকমান হত্যা মামলায় গ্রেফতার আসামি মোবারক হোসেন ওরফে মোবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। আদালত শুনানি শেষে হত্যা মামলায় তাকে কারাগারে পাঠায় এবং সাত রাউন্ড গুলিসহ ২টি পিস্তল উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লোকমান হোসেন হত্যাকাণ্ডের সাত বছর পর মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে মোবারক হোসেনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর নরসিংদী নিয়ে এসে তার দেওয়া তথ্যমতে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায় তার শ্বশুরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ওই বাসা থেকে ৭ রাউন্ড গুলি ও ২টি পিস্তল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যার ঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাদী হয়ে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
তাদের মধ্যে এক আসামি মোবারক হোসেন মোবা বিদেশে পলাতক ছিলেন। বাকি ১৩ জনের সবাই গ্রেফতার হলেও পরে জামিনে বেরিয়ে আসে। পুলিশ প্রায় দীর্ঘ ৮ মাস তদন্ত শেষে ২০১২ সালের ২৪ জুন সালাউদ্দিনসহ এজাহারভুক্ত ১১ আসামিকে বাদ দিয়ে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।








