মানিকগঞ্জ জেলার তিনটি আসনে এ পর্যন্ত আওয়ামী লীগের ১১ জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেছেন। এদের মধ্যে আটজন শুক্রবার ও ২ জন শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলের কেন্দ্রীয কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছেন মানিকগঞ্জ-১ আসনের বর্তমান এমপি এএম নাঈমুর রহমান দুর্জয়। এছাড়া ফরম কিনেছেন সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম ও বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এছাড়া মানিকগঞ্জ-২ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী। এছাড়া দলীয় মনোনয়ন কিনেছেন হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা গোলাম মনির হোসেন।
এদিকে মানিকগঞ্জ-৩ আসনের মনোনয়ন কিনেছেন ঢাকা জজকোর্টের পিপি আব্দুল মান্নান, অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছেন এফবিসিআইসি’র পরিচালক ও জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক তাবারাকুল তোছাদ্দেক হোসেন খান টিটু। এছাড়া আরও কিনেছেন আমেরিকা প্রবাসী ড. রফিকুল ইসলাম।








