ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতরা হলো- রিদয় (২২), মানিক (২১) ও মিদুল (২৪)
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে তিন জন আশুলিয়ার নয়ারহাট এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। তারা ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।








