মানিকগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হলে মানিকগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের হল রুমে স্থানীয় সংবাদিকদের সঙ্গে মতবিনিয়ম সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘অবকাঠামোর উন্নয়ন ছাড়া সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। গত ১০ বছর মানিকগঞ্জে যে উন্নয়ন হয়েছে, তা আগের ৪০ বছরেও হয়নি। আগামীতে নির্বাচিত হলে মানিকগঞ্জকে একটি মডেল শহরে রূপান্তর করা হবে। খেলাধুলার মাঠ, শিশুপার্ক, রেললাইনসহ অবকাঠামোগত উন্নয়ন করা হবে।’
প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, সাংগঠানিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভাণ্ডারী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।








