নারায়ণগঞ্জ ফতুল্লায় ময়লার স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া বল সদৃশ্য (ককটেল বিস্ফোরণে) দিয়ে খেলতে গিয়ে তিন শিশু দগ্ধ হয়েছে। গুরুতর আহতাবস্থায় ওই তিন শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকাল ১০টায় পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের।
আহত শিশুরা হলেন, পশ্চিম রসুলপুরের আব্দুল মান্নানের ভাড়াটিয়া টিটু মিয়ার দুই ছেলে আসিফ (৫) ও আরিফ (৩) এবং একই বাড়ির ভাড়াটিয়া রোলিং মিলের নিরাপত্তা প্রহরী আবুল হোসেনের মেয়ে আঁখি (১২)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল ১০টায় পশ্চিম রসুলপুর এলাকায় আব্দুল মান্নানের বাড়ির পাশে একটি ময়লার স্তুপ থেকে ক্রিকেট খেলার বলের মত দেখতে চারটি বল কুড়িয়ে নিয়ে আসে তার বাড়ির ভাড়াটিয়ার তিন শিশু। ওই তিন শিশু তারা ঘরের ভেতরে বল সদৃশ্য বস্তু নিয়ে খেলার সময় বিকট শব্দে বিস্ফেরণ ঘটে। এতে আশপাশের লোকজন ছুটে এসে দেখে ওই তিন শিশুর মধ্যে আখির মুখ ও অপর দুই শিশুর শরীর ও হাত-পায়ে পুড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানান, ময়লার স্তুপ থেকে কুড়িয়ে পাওয়া চারটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হলে ওই তিন শিশু আহত হয়। ওই তিন শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনটি ককটেল আমরা উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।








