টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রবিবার (০৬ জানুয়ারি) দুপুরে ওই নবজাতককে হাসপাতাল ও জেলা সমাজ সেবা কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই শিশুর চিকিৎসা চলছিল।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.নারায়ণ চন্দ্র সাহা বলেন,‘আস্তে আস্তে শিশুর শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় তাদের এক কর্মকর্তা ও হাসপাতালের দুই কর্মকর্তা তাকে ঢাকায় নিয়ে যাচ্ছে। ঢাকায় যাওয়া পর্যন্ত শিশুর সার্বিক তত্ত্বাবধান করবেন তারা।
টাঙ্গাইল সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, ‘শিশুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।’
প্রসঙ্গত, শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে এক নারী পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিল। শিশুটির ওজন হয়েছে মাত্র এক কেজি ৩শ’ গ্রাম।








