চতুর্থবার এবং টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিউগলে বেজে উঠে করুণ সুর। তবে মন্ত্রিসভার সদস্যদের বহনকারী গাড়ি না পৌঁছায় তারা এসময় উপস্থিত থাকতে পারেননি।
সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এসময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর সমাধি সংলগ্ন মসজিদে মিলাদের আয়োজন করা হয়।
এরআগে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ২০ মিনিটের দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান। অন্যদিকে ভোরে বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন মন্ত্রিসভার সদস্যরা। বাসযোগে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে এবং বঙ্গবন্ধুর সমাধিতে মন্ত্রীদের শ্রদ্ধা জানানোর ঘটনা এবারই প্রথম। দুপুর ১টা ২০ মিনিটে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছায় মন্ত্রিসভার সদস্যদের বহনকারী বাসটি। দুপুর ১টা ৩৮ মিনিটে নতুন মন্ত্রীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত ও দেশের সাফল্য কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সমাজ কল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ, পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নৌ-পরিবহন উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া শেখ হেলাল এমপি, লে. কর্নেল (অব) ফারুক খান, শেখ তন্ময় এমপিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয। এসময় শেখ হাসিনা ও বোন রেহানা বঙ্গবন্ধু ভবনে বসে মিলাদ মাহফিলে অংশ নেন।
কর্মসূচি শেষ করে বিকালে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এদিকে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।








