@
আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে কোটালীপাড়ায় বিরাজ করছে নির্বাচনি আমেজ। কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকার একটি উপজেলা হওয়ায় এখানে নির্বাচনি ডামাডোলটা একটু বেশি। এ উপজেলার সম্ভাব্য প্রায় দেড় ডজন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন।
কোটালিপাড়া উপজেলায় ব্যানার, পোস্টার ও তোরণ দিয়ে ঢেকে ফেলেছে প্রার্থী ও তার সমর্থকেরা। সম্ভাব্য প্রার্থীরা যোগ দিচ্ছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে কাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিরা ব্যানার,ফেস্টুন টানানোসহ নিজেদের প্রার্থীতা ঘোষণা করছে। এসব প্রার্থীদের কর্মী সমর্থকরাও বসে নেই। তারা নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ উপজেলায় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও দলের প্রার্থী এখনও মাঠে নামেনি বা নামার সম্ভাবনাও নেই।
ভোটাররা বলেছেন, প্রধানমন্ত্রী যেন একজন সৎ ও যোগ্যপ্রার্থী তাদেরকে উপহার দেন যিনি চেয়াম্যান হিসাবে জনগণের জন্য কাজ করবেন।
অন্যদিকে নেতারা জানান, প্রধানমন্ত্রী বা মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত দিবেন এখানকার নেতারা তার পক্ষে কাজ করবেন। তবে নিজেদের অবদানের কথা বলতে ভুল করেননি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশীরা।
১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে কোটালীপাড়া উপজেলা পরিষদ গঠিত।








