গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকিমুল ইসলাম মকিমের দুই ভাইয়ের হাতে এবার সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছেন। গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে।
কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোকিমুল ইসলাম মকিমের ভাই মিলন গত ৭ জানুয়ারি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোগ দখলে থাকা জমি দখল করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দুকে বাড়ি করে দিতে গেলে মেম্বার সাধন কুমার তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সংশ্লিষ্টরা তাকে সাজাইল বাজারে ফিল্মি স্টাইলে মারধর করে। মেম্বররা পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও চেয়ারম্যানের ভাই মিলন শেখের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
চেয়ারম্যান মকিমুল ইসলামের ভাই মিলন শেখ কুমার নদীর বাঁধ ভেকু দিয়ে কেটে সরকারি জায়গায় জনৈক কবির হোসেনকে বাড়ি করে দিচ্ছে এমন সংবাদে কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফায়েকুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ সচিত্র প্রতিবেদন করতে ঘটনাস্থলে গেলে চেয়ারম্যানের ছোট ভাই মিলন শেখ (৩০) এবং মনির শেখ (২৭) সাত/আট জন অজ্ঞাতনামা যুবককে নিয়ে কর্তব্যরত দুই সাংবাদিকের ওপর হামলা চালায় এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।
মো. ফায়েকুজ্জামান বাদী হয়ে কাশিয়ানী থানায় চেয়ারম্যানের দুই ভাইসহ অজ্ঞাতনামা সাত/আট জনের নামে অভিযোগ করলে পুলিশ হামলাকারী মনির শেখকে (২৭) গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গোপালগঞ্জে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মরত সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন।








