মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লগের সাধারণ সম্পাদক মাহবুব আলি খান, টুঙ্গিপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, সহ-সভাপতি সোলায়মান বিশ্বাসসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে বঙ্গবন্ধু প্রতি স্বাধীনতা দিবসের শ্রদ্ধা জানানো হয়।
এর আগে সোমবার রাত ১২টা এক মিনিটে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী সংগঠন, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।








