জমি নিয়ে বিরোধ: ভূমিহীনদের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১৮:২৪আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৯:৪৭

  নওগাঁ ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর কাগজকুটা গ্রামের ৩৫ ভূমিহীন পরিবারের ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। অন্যদিকে ওই জমির ক্রয়সূত্রে মালিকানা দাবি করে আসছেন বস্তাবর গ্রামের আকতার হোসেন ও তার ছেলে মোশারফ হোসেন মিস্টার। উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর কাগজকুটা গ্রামের পুকুর পাড়ের এক একর চার শতাংশ জমি নিয়ে ভূমিহীন ও এলাকার ওই প্রভাবশালী পরিবারের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে। চলতি বছরের ১০ মার্চ মোশারফ হোসেন মিস্টার অবৈধ অনুপ্রবেশের দায়ে ভূমিহীনদের বিরুদ্ধে থানায় মামলাও করেছেন।

উল্লেখ্য, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর কাগজকুটা গ্রামের পুকুর পাড়ে ৩৫টি ভূমিহীন পরিবার ঘর নির্মাণ করে বসবাস করছেন। তাদের মধ্যে ২০টি আদিবাসী পরিবার এবং বাকিগুলো ভূমিহীন মুসলিম পরিবার। তারা টিনের ছাউনি এবং বাঁশের বেড়া দিয়ে অস্থায়ীভাবে ঘর নির্মাণ করে সেখানে বসবাস শুরু করে। গত রবিবার (২৪ মার্চ) রাত ১টার দিকে ৪০ থেকে ৫০ জন মুখোশধারী ওই পুকুর পাড়ের ঘরগুলোতে হামলা চালায়। পরে তারা পেট্রোল ছিটিয়ে সবকিছু জ্বালিয়ে দেয়। বর্তমানে এসব পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত লগেন পাহান বলেন, ‘এই জমি নিজেদের দাবি করে আসছেন বস্তাবর গ্রামের আকতার হোসেন ও তার ছেলে মোশারফ হোসেন মিস্টার। রবিবার রাত ১টা দিকে মোশারফ হোসেন মিস্টারের নেতৃত্বে দেশীয় অস্ত্র, হাসুয়া, কুড়াল, তীর, ধনুক ও লাঠিসোঁটা নিয়ে ৪০-৫০ জন হামলা চালায়। দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করে ও পেট্রোল ঢেলে আগুন দেয়। এ সময় আদিবাসী শান্তি পাহানের হাত ভেঙে যায় এবং তার ৫ বছরের ছেলে আকাশ আহত হয়।’
তবে এ অভিযোগ অস্বীকার করে মোশারফ হোসেন মিস্টার জানান, ওইসব বাড়িঘরে তিনি বা তার কোনও লোক আগুন দেয়নি। এর সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই।

তিনি আরও জানান, ‘চৌঘাট মৌজার জেএল নং-৫৪, আরএস খতিয়ান নং-১, প্রস্তাবিত খতিয়ান নং ৩৩১, হাল দাগ নং-৮২৫, সাবেক দাগ নং-৭৭৯-এর এক একর চার শতাংশ তারা ক্রয় করেছেন। জমির দাতা বীর গ্রামের সিরাজুল হক সিদ্দিকীর কাছে থেকে ১৯৭৭ সালের আগস্ট মাসের ৫ তারিখে ধামইরহাট সাবরেজিস্ট্রার অফিসে নিবন্ধন করা হয়, যার দলিল নং ৩৫১১। হঠাৎ কিছু লোক তাদের দখলে থাকা জমিতে অবৈধভাবে দখলের জন্য ছোট ছোট ঘর নির্মাণ করে। বিষয়টি নিয়ে চলতি মাসের ১০ তারিখে ধামইরহাট থানায় নিজ দখলীয় জায়গায় অবৈধ অনুপ্রবেশের একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গত বুধবার (২০ মার্চ) রাতে কাগজকুটা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) এবং একই গ্রামের মৃত গোবিন্দ পাহানের ছেলে জগন্নাথ পাহানকে (৪৫) আটক করে কোর্ট হাজতে পাঠিয়েছে। বিবদমান ওই জমিতে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হয়। যার স্মারক নং ১৬৯, তারিখ ২৬/০২/২০১৯ইং। আদালতের আদেশ অমান্য করে তারা সেখানে বসতবাড়ি নির্মাণ করেছে। ক্ষতিগ্রস্ত স্বামী পরিত্যক্তা নাজমা বেগম বলেন, মানুষের বাড়িতে কাজ করে আমার সংসার চলে। ছোট দুই ছেলেমেয়ে নিয়ে এখানে বাঁশের চাটাই ও টিনের বেড়া দিয়ে ঘর তৈরি করে বসবাস করে আসছি। হঠাৎ গত রবিবার রাতে আমার ঘরে ঢুকে ভাঙচুর ও আমাকে লাঠি দিয়ে মারপিট করে। পরে আমি বাচ্চাদের নিয়ে পালিয়ে যাই।

এছাড়া ভুক্তভোগী মনোয়ারা বেগম, সানাউল ইসলাম, আফিজ উদ্দিন, নূরুজ্জামান, শান্তি পাহান ও গেন পাহানসহ কয়েকজন বলেন, ‘আমরা পুকুর পাড়ে সরকারি জায়গায় বসবাস করে আসছি। প্রভাবশালী মোশারফ হোসেন মিস্টার ওই জায়গাটি নিজের বলে দাবি করছে। আমাদের এই জায়গা ছেড়ে দেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। আগুনের ঘটনার আগে আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান আপস করে দেওয়ার নামে আমাদের কাছে ৪০ হাজার টাকা চেয়েছিলেন। টাকা না দিলে তিনি আমাদের পক্ষ হয়ে কাজ করবেন না বলে জানিয়ে দেন।’

এদিকে ভূমিহীনদের কাছে টাকা দাবি করার বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করে আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ‘বহু বছর ওই জায়গাটা মোশারফ হোসেন মিস্টারের দখলে ছিল। কিন্তু হঠাৎ করে ভূমিহীনরা সেখানে বাড়ি করে বসবাস শুরু করে। আপসের জন্য উভয়পক্ষকে নিয়ে বসা হয়েছিল। কিন্তু কোনও পক্ষই ছাড় দিতে চায় না। এ কারণে সেখানে কোনও দুর্ঘটনা ঘটলে তার দায়ভার তো আমার না।’

এ ব্যাপারে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বলেন, ‘১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে দুলালী পাহান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।’

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার পরপরই পুলিশ পাঠানো হয়েছিল।এরইমধ্যে নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও পুলিশ সুপার মো. ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি