গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছে দুই শিক্ষার্থী। এ ঘটনার জেরে অভিযুক্ত ওই শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রবিবার (৭ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত ছিল।
বিশ্ববিদ্যালয়ের সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. আক্কাস আলীর বিরুদ্ধে দুই ছাত্রী যৌন হয়রানির অভিযোগ তোলেন গত ডিসেম্বর মাসে। তারা এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু, তদন্তের নামে কালক্ষেপণ করা হয় বলে দুই ছাত্রী অভিযোগ করেন।
সম্প্রতি যৌন নির্যাতনের শিকার ওই দুই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরলে আলোচনায় আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।
যৌন নির্যাতনের শিকার ওই দুই শিক্ষার্থী শিক্ষকের শাস্তি দাবি করেছেন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শিক্ষকের শাস্তি দাবি জানিয়েছেন। তারা আজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষি শিক্ষকের শাস্তি না দেওয়া পর্যন্ত তারা তাদের আন্দেলন, সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
গোপালগঞ্জ জেলা সুজন-এর সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী বলেন, ‘শিক্ষক আক্কাস আলী ছাত্রীদের যৌন নিপীড়ন করে যে অপরাধ করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের প্রধান হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষক আক্কাসের সম্পর্কে যে কথা শোনা যাচ্ছে সেটা অত্যন্ত লজ্জাজনক। বিষটি শুধু শিক্ষক সমাজ নয়, গোটা জাতির জন্য কলঙ্কজনকও বটে।’
তবে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক আক্কাস আলী। তিনি বলেন, ‘আমাকে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্সের শিকার হতে হয়েছে। একই বিভাগের অন্য শিক্ষকের সঙ্গে বিভাগীয় প্রধান হওয়া নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলে আসছে। তারই বহিঃপ্রকাশ হিসেবে শিক্ষার্থী দিয়ে আমাকে ফাঁসানো হযেছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুছ মিয়া বলেন, ‘ইতোমধ্যে প্রফেসর ড. আব্দুর রহিমকে প্রধান করে এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দিলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, কর্তৃপক্ষ জানে না!








