গোপালগঞ্জে আমিন ফুড ফিফটিন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (১২ মে) সদর উপজেলার কাজুলিয়া এলাকায় ওই কোম্পানির একটি কারখানায় অভিযান চালানো হয়। গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন।
শামীম হাসান জানান, অন্য কোম্পানির পণ্য নিজের কোম্পানির নামে চালিয়ে প্যাকেট করার দায়ে জরিমানা করা হয়। কাজুলিয়ায় মেসার্স আমিন ফুড ফিফটিন কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করছে। যারা কাজ করছেন তাদের কোনও স্বাস্থ্য সনদ নেই। নেই কোনও গ্লাভস, যেখানে প্যাকেটিং করছে; সেখানে ধুলাবালি ঢুকছে। এমন পরিবেশে পণ্য প্যাকেটিংসহ অন্যান্য কাজ চলছে। এটা ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও অন্য কোম্পানির পণ্য নিজের কোম্পানির নামে বাজারজাত করার দায়ে ৪৪ ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার তদারকিতে জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।








