গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের ডিএনএ নমুনা রেখে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। নিহতদের মধ্যে রাসেল ও আনোয়ারের মরদেহ অবিকৃত অবস্থায় থাকায় তাদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আনোয়ার হোসাইনকে তার নিজ এলাকায় দাফনও করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টির নিশ্চিত করেছেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, নিহত সুজন সরদার, আবু রায়হান, শাহজালাল, সেলিম কবিরের মরদেহ পুড়ে যাওয়ায় পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের স্বজনরা বিভিন্নভাবে মরদেহ চিহ্নিত করেছেন। তবে সন্দেহ থাকায় মরদেহগুলো গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে ডিএনএ’র নমুনা রেখে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের করা হবে।
গত মঙ্গলবার (২জুলাই) দুপুরে অটো স্পিনিং মিলস কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৮টি ইউনিট প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিরাপত্তা রক্ষীসহ মোট ৬ জন নিহত হয়েছে।








