নারায়ণগঞ্জ নগরী থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় আরও চারজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে নগরীর নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান ছাড়া আটককৃত বাকি চারজন হলো— কামাল হাসান (৪৭), মনির হোসেন মনু (৫০), তানভীর আহম্মেদ সোহেল (৪১) ও মো. মজিবর রহমান (৫২)। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে ওই পাঁচজনের সাতদিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাউন্সিলর দুলাল প্রধান স্বীকার করেছে, সে ও তার সহযোগীরা ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
এসপি মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘মাদকের সঙ্গে কোনও আপস নেই। অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’








