আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করে বিচার করা হবে।’ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত যে মুষ্টিমেয় কিছু আসামির বিচার হয়েছে, কেবল তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেনি। এত বড় নেতাকে, বিশ্বনন্দিত নেতাকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, এমন একজন নেতাকে মুষ্টিমেয় কয়েকজন লোকই হত্যা করেনি। এরা ক’জন সামনে ছিল, পেছনে যারা এ হত্যার পরিকল্পনা করেছিল এবং মূল নায়ক ছিল, তাদের খুঁজে বের করতে একটা তদন্ত কমিশন গঠনের কথা আমরা চিন্তা করছি।’
তিনি আরও বলেন, ‘একটু সময় লাগবে, তবে তদন্ত কমিশনের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে যারা ছিল, তাদেরও আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। প্রয়োজনে তাদেরও বিচার করা হবে।’








