বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ‘মাদকাসক্ত কোনও শিক্ষার্থী বা মাদকের সঙ্গে জড়িত কোনও শিক্ষার্থীকে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকতে দেওয়া হবে না।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদ্বশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ৬ তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল ও ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় শেখ সেলিম বলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগকে মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকারক দিক তুলে ধরে সবাইকে নিয়মিত পড়াশুনা করে ভালো ফলাফলের আহ্বান জানান।
এ সময় সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, কলেজ শাখার সভাপতি দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক নিউটন মোল্লা বক্তব্য রাখেন। গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ ফজলে নাঈম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।








