দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮টায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সবগুলো ফটক আটকে অবস্থান নেন আন্দোলনকারীরা।
অবরোধের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, উপাচার্য নিজ কার্যালয়ে আসলে তাকে অবরুদ্ধ করা হবে। উপাচার্যকে কোনও ধরনের প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে দেবেন না তারা।
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার জন্য সাবেক দুই শিক্ষার্থীকে আটক করে প্রশাসন কল্পিত নাটক মঞ্চায়িত করেছে। কিন্তু এই দুর্নীতিবাজ উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’







