২০০৮ সালে ভ্যাট ও আয়কর সার্টিফিকেট নিয়ে ব্যবসা শুরু করেন নজরুল ইসলাম হাজরা মন্নু (৩৯)। দিনে দিনে তিনি শ্রম আর মেধা দিয়ে ব্যবসা করে আসছিলেন। এতে ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে তার কর দেওয়ার আর্থিক সঙ্গতিও বেড়েছে। তবে তিনি মূলত ঠিকাদার। মন্নু এ বছর গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন।
মন্নু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ঠিকমতো কর পরিশোধের মাধ্যমে আমার ব্যবসা পরিচালনা করে আসছি। এজন্য সরকারের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে। আগামীতেও আমি ঠিক মতো কর পরিশোধ করবো। এছাড়া আমার ব্যবসার লাভের একটি অংশ আর্ত মানবতার সেবায় ব্যয় করবো।’
তরুণ ব্যবসায়ীদের কর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শ্রেষ্ঠ তরুণ করদাতা হিসাবে আমি যেমন সম্মানিত হয়েছি তেমনি আরও যারা তরুণ ব্যবসায়ী রয়েছেন আগামীতে তারাও ঠিকমতো কর দিয়ে সরকারকে সহযোগিতা করবে। সবারই ঠিকমতো কর দিয়ে সরকারকে সহযোগিতা করা উচিত।’








