মাদকের বিস্তার রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, নিকট অতীতে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দিয়েছি। একইভাবে আমরা এখন যুদ্ধ করছি মাদকের বিরুদ্ধে। আগামী প্রজন্মকে যদি মাদকের গ্রাস থেকে বাঁচাতে না পারি, তাহলে মাদকে আক্রান্ত যুবসমাজ দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে পুলিশ পরিচালিত কমিউনিটি ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী, বিকেইমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক এবং বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ প্রমুখ।
আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের একার পক্ষে অপারেশন বা অভিযানের মাধ্যমে দেশ থেকে মাদক দূর করা সম্ভব না। এজন্য প্রতিটি পরিবার ও সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।
পুলিশ মাদক নির্মূলে আরও কঠোর হবে উল্লেখ করে তিনি আরও বলেন, পুলিশকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে গত দুই বছরে কয়েককোটি ফোন রিসিভ করে ৫৮ লাখ মানুষকে সহায়তা দিয়েছে পুলিশ।
কমিউনিটি ব্যাংক বিষয়ে আইজিপি বলেন, আগামী বছর আমাদের সারাদেশে আরও ২৫টি শাখা উদ্বোধন করা হবে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের ফতুল্লায় এটি দ্বিতীয় শাখা। তিনি এই শাখায় নারায়ণগঞ্জের ব্যবসায়ী, সমাজপতি ও সাধারণ মানুষকে আমানত রাখার আহ্বান জানান।
এরআগে, নগরীর মাসদাইর এলাকায় অবস্থিত জেলা পুলিশ লাইন্সের ৮ তলা বিশিষ্ট পুলিশ ব্যারাকসহ ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক।







