নারী ও পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল। তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশে নারী পুরুষের মধ্যে কোনও ধরনের বৈষম্য রাখবে না।’ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে জানিয়ে নওফেল বলেন, ‘কোনও ধর্মে নারীদের কাজকর্মের ব্যাপারে বিধিনিষেধ না থাকলেও এই কথা বলে তাদের পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই নারী সমাজের অগ্রগতির লক্ষ্যে নারী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কর্মমুখী হওয়ার তাগিদ দেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক।








