গাজীপুরের শ্রীপুরে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার দুলাভাই শ্রীপুর থানায় রবিবার (৯ ফেব্রুয়ারি) মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার হাকিম কাজির বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলো−শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার হাকিম কাজীর ছেলে কাজী শামীম (২৮), দেলোয়ার হোসেনের ছেলে সজীব (২৮), কদুর মেয়ের জামাই জীবন (৩৪), কাজল মিয়ার ছেলে শাহীন মিয়া (৩৫) ও শামসুল হকের ছেলে মেজদার হোসেন (৪৫)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ভিকটিম শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় ভাড়া থেকে স্থানীয় এস কে সোয়েটার কারখানায় সহকারী অপারেটর হিসেবে কাজ করে। কাজী শামীম প্রায়ই ভিকটিমকে অফিসে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিতো। শনিবার কারখানা ছুটির পর সন্ধ্যা ৭টায় বাসায় ফেরার পথে চন্নাপাড়া এলাকার নাজিম উদ্দিনের বাড়ির সামনে কাজী শামীম ও তার চার সহযোগী পথরোধ করে। কাজী শামীমের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। তার অপর সহযোগীরা ঘরের বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়। পরে ভিকটিমের চিৎকারে পাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, পোশাক শ্রমিক ধর্ষণের ঘটনায় আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। কাজী শামীমের বাবা হাকিম কাজী ভিকটিমকে আটক করে তার বাড়িতে নিয়ে মারধর করে। একপর্যায়ে তাকে ‘খারাপ মেয়ে’ অপবাদ দেয় ও মারধরের ভিডিও ধারণ করে ঘটনা প্রকাশ না করার জন্য হুমকি দেয়।







