ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার সাড়ে ৯ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা কেটে গেলে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
যাত্রী ও গাড়িসহ চারটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নোঙর করে রাখা হয়েছিল। এতে যাত্রীরা পড়েছিলেন চরম ভোগান্তিতে।
মাওয়া বিআইডব্লিউটিসির উপসহকারী ব্যবস্থাপক (বাণিজ্য ) প্রফুল্ল চন্দ্র জানান, ঘন কুয়াশার কারণে ১২টি ফেরির সবগুলো বন্ধ ছিল। সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার কারণে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে ছোট-বড় প্রায় চারশ’ যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকই আছে আড়াইশ’।
এদিকে, ঘন কুয়াশায় টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে । দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারের জন্য অপেক্ষা করছে পাঁচ শতাধিক যানবাহন। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমান ১৫টি ফেরি এই রুটে চলাচল করছে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারের অপেক্ষায় প্রায় ৫ শতাধিক যানবাহন আটকে রয়েছে। তবে দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়বে।’







