নারায়ণগঞ্জের বন্দর এলাকার লক্ষনখোলা ডংজিং লংজাভিটি ব্যাটারি কারখানা থেকে ক্যাসিনো সামগ্রী উদ্ধারের পাঁচ মাস পর দুই চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বাদী হয়ে দুই জনকে আসামি করে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
আসামিরা হলো ঢাকা ক্যান্টনমেন্ট থানার ৩৭ নম্বর বাড়ির বাসিন্দা ও চীনের নাগরিক ইয়ন সান লি এর ছেলে ডংজিং লংজাভিটি ব্যাটারি কারখানার চেয়ারম্যান মি. উই ডং লি ও একই এলাকার লিউ জাও ইয়াং এর ছেলে লু পিন।
ওসি জানান, গত ২০১৯ সালের (৩০ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ডংজিং লংজাভিটি ব্যাটারি কারখানায় অভিযান চালায়। এসময় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর টিম ওই প্রতিষ্ঠান থেকে হংকং ও মাকাও জুয়া খেলার এক সেট ক্যাসিনো সামগ্রী জব্দ করে। তবে এ ঘটনায় তখন কাউকে গ্রেফতার করেনি কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা প্রায় ৫ মাস তদন্ত করে মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে মামলা দায়ের করলো।








