গাজীপুরের শ্রীপুরের একটি বাড়ি থেকে মা ও তিন সন্তানের গলাকেটে লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতের কোনও এক সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার কলেজ রোড (আবদার) এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি জানাজানি হয়।
নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী কাজল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৪০), মেয়ে নূরা (১৬), হাওরিন (১১) ও শারীরিক প্রতিবন্ধী ছেলে ফাদিল (৭)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে বিকাল সাড়ে ৪টায় পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিহত মা ও দুই মেয়ের দেহ উলঙ্গ অবস্থায় ছিল। ঘটনাস্থলে একটি ছুরি ও বটি পাওয়া গেছে। একাধিক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না।
প্রবাসী কাজল মিয়ার ভাই আরিফ জানান, প্রায় ২০ বছর আগে ইন্দোনেশিয়া থাকার সময় কাজল সেই দেশের নাগরিক ফাতেমা আক্তারকে বিয়ে করে দেশে নিয়ে আসেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার গোলবাড়ী গ্রামে। আবদার গ্রামের আব্দুল আউয়াল কলেজের পশ্চিম পাশে জমি কিনে তারা বাড়ি করেন। পুরো বাড়িতে কাজলের স্ত্রী ফাতেমা বেগম দুই মেয়ে ও শারীরিক প্রতিবন্ধী এক ছেলেকে নিয়ে থাকতেন।
আরিফ আরও জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে ডাকাডাকি করে কোনও সারা পাওয়া যায়নি। পরে দুপুর ২টার দিকে আবারাও সারা না পেয়ে পাশের বাড়ির টিনের চালের দিয়ে বাড়িতে ঢুকেন আরিফ। পরে ওই বাড়ির দোতলার একটি কক্ষের একই মেঝেতে সকলের রক্তমাখা গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার তারেক হাসান বাচ্চু জানান, গভীর রাতের কোনও এক সময় এই ঘটনা ঘটে। এই ঘটনার সময় কোনও চিৎকার আওয়াজ কেউ পায়নি।








