মানিকগঞ্জে নতুন করে এক নারী চিকিৎসকসহ তিন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। জেলার সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় এপর্যন্ত মোট করোনা আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, নতুন আক্রান্ত তিন জনের মধ্যে একজন নারী চিকিৎসক। তিনি সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। অন্য দুই জন একই পরিবারের। তাদের বাড়ি মানিকগঞ্জ শহরের দাশড়া এলাকায়। ওই পরিবারের এক নারীও কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।
আক্রান্ত সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। পরীক্ষায় তিন জনের পজিটিভ এবং বাকিদের নেগেটিভ এসেছে। মানিকগঞ্জ জেলায় এ পর্যন্ত ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পরেছে।’
উল্লেখ্য, মানিকগঞ্জে এ নিয়ে তিন জন চিকিৎসক করোনা পজিটিভ শনাক্ত হলেন। এদের মধ্যে দুই জন সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং অপর জন কর্নেল অব. মালেক সরকারি মেডিক্যাল কলেজের চিবিৎসক।








