বর্তমান সরকার কৃষিবান্ধব উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, 'করোনা দুর্যোগে কৃষকদের পাশে রয়েছে সরকার। করোনার কারণে শ্রমিক সংকটে থাকা কৃষকদের জমির পাকা ধান যাতে ঘরে তুলতে সমস্যা না হয়, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিচ্ছেন।'
শুক্রবার (১ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘যেকোনও প্রাকৃতিক দুর্যোগে সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকেন। এ জন্য সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। ধান রোপণ থেকে কাটা পর্যন্ত সবকিছুই যন্ত্রের মাধ্যমে করা হবে। সব যন্ত্র বিদেশ থেকে আনা হচ্ছে। কৃষির সব ক্ষেত্রকে বাণিজ্যিকীকরণ করা হবে।'
তিনি বলেন, 'সরকারি উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেওয়া হচ্ছে। আগামীতে হারভেস্টার মেশিনের সংখ্যা আরও বাড়ানো হবে। করোনা দুর্যোগে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের সাহায্য-সহযোগিতা করা হচ্ছে। কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত সব ফসলের ন্যায্য মূল্য পান, সেই ব্যবস্থাও করবে সরকার।'
মধুপুর উপজেলা মিলনায়তনে ইউএনও আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।







