গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে টি-ডিজাইন নীটওয়্যার লিমিটেড (সোয়েটার উৎপাদনকারী) কারখানার শ্রমিকরা কর্মকর্তাদের অবরুদ্ধ করে কারখানার ভিতরে শান্তিপূর্ণ বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় কারাখানার প্রধান ফটক তালাবদ্ধ করে শ্রমিকেরা বিক্ষোভ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার লিংকিং, নিটিং ও ফিনিশিং শাখার শ্রমিকরা জানায়, তাদের ওপর জোরপূর্বক উৎপাদনের লক্ষ্যমাত্রা (টার্গেট) চাপিয়ে দেওয়া হয়। এ নিয়ে কিছু দিন যাবৎ শ্রমিদের মাঝে ক্ষোভ চলছে। সোমবার সকালে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (আই ই) সেকশনের এক্সিকিউটিভ রঞ্জন রায় উৎপাদন ফ্লোরে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত টার্গেট চাপিয়ে দেয়। এ সময় শ্রমিকরা ওই কর্মকর্তাকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে কারখানার সকল শ্রমিকেরা কাজ বন্ধ করে ওই কর্মকর্তাসহ উপ-মহা ব্যবস্থাপক (মানব সম্পদ) রাকিবুল হাসান, কমপ্লায়েন্স ম্যানেজার শামীম রেজার অপসারণ দাবিতে প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করে।
আয়রন অপারেটরসহ অন্য সেকশনের শ্রমিকরা জানায়, কারখানার প্রশাসন বিভাগে কোনও সমস্যা নিয়ে গেলে কর্মকর্তারা দুর্ব্যবহার করে, ঈদের ছুটির টাকা কেটে রাখেন, চাকরি থেকে অব্যাহতি নিলে সার্ভিস বেনিফিটের টাকা দেন না, জ্যাকার্ড সেকশনে দুই দিন ছুটির নিয়ম থাকলেও কর্তৃপক্ষ এক দিন ছুটির ঘোষণা দেওয়ার চেষ্টা করছে।
শ্রমিকরা আরও অভিযোগ করেন, সার্ভিস বেনিফিটের টাকা চাইতে গেলে প্রশাসন বিভাগের কর্মকর্তারা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। সুবিধা-অসুবিধার কথা বললেই কমপ্লায়েন্স ম্যানেজার শামীম রেজা তাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন। বিভিন্নভাবে হয়রানিসহ চাকরিচ্যুত করারও হুমকি দেন। অভিযুক্ত কর্মকর্তাদের অপসারণ করে কারখানা সচল রাখার জন্য শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
কারখানার প্রশাসন বিভাগের মহা-ব্যবস্থাপক (জিএম) আশরাফুল আলম বলেন, বিকেল সাড়ে ৩টায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শ্রমিকদের দাবি-দাওয়া শুনে সিদ্ধান্ত দিবেন বলে আশ্বাস দেন। এরপর শ্রমিকেরা চলে যান এবং কারখানা আজকের (সোমবার) জন্য ছুটি ঘোষণা করা হয়।







