নারায়ণগঞ্জের দেওভোগের চাঞ্চল্যকর কিশোরী জিসা মনির জীবিত ফিরে আসার ঘটনায় ধর্ষণের পর হত্যার স্বীকারোক্তি দেওয়া নৌকার মাঝি খলিলুর রহমান খলিলের জামিন মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জামিন শুনানির পর আসামি খলিলুর রহমানের পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। পরে শুনানি শেষে ২ সেপ্টেম্বর তারিখ ধার্য করে আদালত। খলিলুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত ৪ জুলাই ১৫ বছর বয়সী কিশোরী জিসা মনি শহরের দেওভোগের মা-বাবার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি ও মামলা করে তার পরিবার।
ওই মামলায় পুলিশ আব্দুল্লাহ, রকিব ও নৌকার মাঝি খলিলুর রহমানকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে ৯ আগস্ট আদালতে জবানবন্দিতে তারা অপহরণ, ধর্ষণ ও হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার দায় স্বীকার করেন।
এই ঘটনার ৫১ দিন পর ২৩ আগস্ট ওই কিশোরী জীবিত ফিরে আসে। জানা যায়, ইকবাল নামের এক যুবককে বিয়ে করে সে বন্দর এলাকায় ভাড়া বাড়িতে সংসার পাতে।







