গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুকুরে থালা বাসন ধোয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কাঞ্চন বিশ্বাস (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়া উপজেলার জামাই বাজার গ্রামে এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানিয়েছেন, বিকালে বাড়ির পাশের একটি পুকুরে থালা বাসান ধুচ্ছিলেন অঞ্জু চৌধুরী। এসময় পাড়ের মাটি ভেঙে পুকুরে পড়লে কাঞ্চন বিশ্বাস প্রতিবেশী অঞ্জু চৌধুরীকে গালমন্দ করেন। এতে অঞ্জুর ছেলে রাজীব ক্ষিপ্ত হয়ে কাঞ্চনের ওপর চড়াও হয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মারাত্মক আহত হন কাঞ্চন। প্রথমে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় মামলা হয়নি। দোষীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।








