গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিভা মণ্ডল।
আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার হাচেন উদ্দিন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করেন। এ সময় গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্যা ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দিন জানান, ঘোষিত তফসিল মতে ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ৩ অক্টোবর অপর দুই স্বতন্ত্র প্রার্থী মিহির কান্তী রায় ও শেফালী রানী হালদার তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগ প্রার্থী বিভা মণ্ডলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হলো।
২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের পরে ২৬ সেপ্টেম্বর বাছাইয়ে তিন জনেরই প্রার্থীতা বৈধ বলে ঘোষণা হওয়ার পর থেকে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছিল। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা ভোটারের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করে বেড়িয়েছেন দিন-রাত। কিন্তু অপর দুই স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় আওয়ামী লীগের প্রার্থী বিভা মণ্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।








