রাজধানীর আশুলিয়ায় এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আশুলিয়ার রোস্তমপুর এলাকার সাইফুল ও তার বন্ধুদের বিরুদ্ধে এই অভিযোগ। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে পুলিশ সাইফুলসহ পাঁচ জনকে আটক করেছে। তাদের বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ এসব তথ্য জানান।
সাইফুলের নাম জানালেও আটক বাকি চার জনের নাম জানাননি পুলিশ পরিদর্শক।
ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে পুলিশ জানায়, রাজধানীর মিরপুর এলাকার ওই গৃহবধূর সঙ্গে আশুলিয়ার রোস্তমপুর এলাকার সাইফুলের মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সুযোগে গত ২৪ সেপ্টেম্বর ওই নারীকে ডেকে আশুলিয়া নিয়ে আসা হয়। পরে কৌশলে রোস্তমপুর এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে যায় তার কথিত প্রেমিক। পরে সেখানে আগে থেকেই অবস্থান করা আরও ছয় বখাটে পালাক্রমে তার ওপর যৌন নির্যাতন চালায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে।
পুলিশ কর্মকর্তা আব্দুর রাশিদ বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’








