সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, ভূমি দখলকারী, নারী অবমাননাকারী এবং নারী ধর্ষণকারী ব্যক্তিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ধর্ষকের মতো নরপশুদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালে সংযুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার অপরাধীদের প্রশয় দেয় না। দলীয় পরিচয়েও কেউ রক্ষা পায় না। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের অস্তিত্বের শেকড়। জনগণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে আছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার ফলে বিএনপি এখন অস্তিত্ব সংকটে। যে কারণে বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালে সংযুক্ত হয়ে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জেলা পরিষদ মিলনায়তনের বিশেষ বর্ধিত সভায় এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী একটি দল। দলের দুর্বল দিক তুলে ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আমরা যে সব সময় ক্ষমতায় থাকবো তেমনটি কিন্তু নয়। আমাদের সামনে অনেক অনিশ্চয়তা আছে, এই অনিশ্চয়তাকে দূর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এক সময় ছিল ভিক্ষুকের জাতি। খাদ্যের ঝুলি নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়িয়েছে। সেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গ্রামের বাংলাদেশকে শহরের বাংলাদেশে রূপান্তরিত করতে হবে।








