নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে জাহিদুল ইসলাম (৮) নামে এক শিশুর পেটকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত জাহিদুল ইসলামের বাড়ি সিদ্ধিরগঞ্জ এনায়েতনগর পূর্বপাড়া এলাকায়।
নিহতের বাবা মজিবর রহমান জানান, সোমবার সন্ধ্যা ৬টায় জাহিদুল ইসলামকে জেলেপাড়া এলাকা থেকে কেরোসিন তেল আনার জন্য পাঠাই। পরে সে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ জসিমউদ্দিন জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইলের নিউ লক্ষীনারায়ণ কটন মিলের পাশে শীতলক্ষ্যা নদী থেকে দুপুর ২টায় পেটকাটা অবস্থায় জাহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে তা জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এআর/








