ঘনকুয়াশার কারণে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর রহমান জানান, ঘনকুয়াশার কারণে সোমবার রাত সোয়া ২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত সোয়া ২টার দিকে কুয়াশায় মাত্রা বেশি হওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া রুটের সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে পাঁচ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর জানান, অপেক্ষামান যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করা হয়েছে।







