প্রভাবশালী মহলের মদতে মাদারীপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মুজিবর মাতুব্বরের মদতে এসকান মাতুব্বর এবং রাজ্জাক মাতুব্বরের পরিবার তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
এমনকি নতুন নির্মিত বাড়ি ভেঙে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। বাড়িতে থাকা নারীদের নানাভাবে ক্ষতি করার হুমকি ধামকিও দেওয়া হচ্ছে দখল চেষ্টার সঙ্গে জড়িতদের পক্ষ থেকে।
এ প্রসঙ্গে ভুক্তভোগী ইসহাক মাতুব্বর বলেন, এসকান মাতুব্বর এবং রাজ্জাক মাতুব্বরের পরিবার তাদের পৈতৃক এবং বাবার ক্রয় সূত্রের আসমত আলী খান সড়ক সংলগ্ন, সদর উপজেলার পাশে মহিষেরচর এলাকায় ৫১ শতাংশ জমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে।
তিনি জানান, এক সময় এই জমি সংলগ্ন কোনও রাস্তা না থাকায় দাদার সূত্রে পাওয়া ২৪ শতাংশ জমি তার বাবা নুর মোহাম্মদকে পতিত এলাকায় দেওয়া হয়। আর বাকী শরিকরা জমি পায় আনসার ক্যাম্প সংলগ্ন মূল সড়কের পাশে। কিন্তু ২০১৬ সালে আসমত আলী খান সড়ক ও সেতু হওয়ার পর তাদের জমির পাশে সড়ক চলে আসে। এতে নজর পরে শরীকদের। তারা নানা অপচেষ্টা চালাতে থাকেন জমি দখলের।
এক পর্যায়ে গত ৪ বছর আগে জেলা পুলিশ সুপার (এসপি) এবং গোয়েন্দা পুলিশ (ডিবি)বরাবর অভিযোগ দিতে বাধ্য হন ইসাহাক মাতুব্বর। সেবারের মতো অভিযুক্তরা বিরত হলেও নতুন করে জবর দখলের চেষ্টা শুরু করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসকান মাতুব্বর বলছেন, তার সঙ্গে আমাদের জমি নিয়ে কোনও সমস্যা নেই। ওই জমি আমাদের পৈতৃক সূত্রে পাওয়া। বিভিন্ন সময় আমরা আপসের মধ্যদিয়ে ভোগদখল করে আসছি। এখন সামাজিকভাবে বসে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।
জমি সংক্রান্ত বিবাদে ইসাহাক মাতুব্বর এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন এসকান।
তবে ইসাহাকের অভিযোগ প্রভাবশালী মুজিবর মাতুব্ব বিবাদকারী শরীকদের প্রভাবিত করে বিবাদ সৃষ্টি করছেন। তার বক্তব্য, আসমত আলী খান সড়ক সংলগ্ন মূল সড়কের পাশের ৭ শতাংশ জমির পাশের জমি রয়েছে মুজিবর মাতুব্বরের। সে চায় জমিটা এসকান-রাজ্জাক মাতুব্বরদের দিয়ে সামাজিক সালিশি ব্যবস্থার মধ্য দিয়ে কিংবা বলপূর্বক হস্তগত করে পরে তা কিনে নিতে।
এমন অভিযোগের বিপরীতে মুজিবর মাতুব্বর বলেন, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে শরিকদের মাঝে সমস্যা আছে। সেটি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। ভয় দেখিয়ে জমি হস্তগতের অভিযোগ অস্বীকার করেন তিনি।








