গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর (১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) রোকসানা আহমেদ রোজীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর দক্ষিণ খান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। টাকার বিনিময়ে নারী কর্মীদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগে র্যাব-১ এর সদস্যরা তাকে গ্রেফতার করেন।
র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাাহ আল-মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর উত্তরার দক্ষিণ খান এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে নারী কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।
জোরপূর্বক অনৈতিক কাজ করানোর অভিযোগে নারী কাউন্সিলরের বিরুদ্ধে মঙ্গলবার জিএমপির বাসন থানায় মামলা দায়ের করেন ভিকটিম (১৬) এক কিশোরী। মামলায় কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী, বাড়ির কেয়ার টেকার নুরুল হক ও অজ্ঞাতসহ মোট পাঁচ জনকে অভিযুক্ত করা হয়। মামলার পর পরই বাসন থানা পুলিশ নুরুল হককে গ্রেফতার করলেও ঘটনার পর থেকে কাউন্সিলর রোজী পলাতক ছিল।
প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা রহমান শপিং মলে নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীর “আনন্দ বিউটি পার্লার” নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। ওই কিশোরী (১৬) প্রায় চার মাস আগে পার্লারে চাকরি নেন। এক পর্যায়ে চাকরির পাশাপাশি গ্রেটওয়াল সিটি এলাকার রোজীর ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করতে বাধ্য করা হয় তাকে। বাড়ির কেয়ার টেকার নুরুল হক এতে সহায়তা করেন। প্রায় দু’মাস ধরে বিভিন্ন সময়ে জোরপূর্বক অনৈতিক কাজে কিশোরীকে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। ভিকটিম একপর্যায়ে মঙ্গলবার কৌশলে বাসা থেকে পালিয়ে যায়। এঘটনায় জিএমপির বাসন থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের জবরদস্তি করে সেবা প্রদান ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ভিকটিম জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
কিশোরীকে বাসায় আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করতেন নারী কাউন্সিলর
বাসায় আটকে অনৈতিক কাজ করানোর অভিযোগ, নারী কাউন্সিলর পলাতক









