টাঙ্গাইলে জুলাই মাসের ১৩ দিনে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০৩ জন মারা গেছেন। একই সময়ে দুই হজার ৯৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ১ জুলাই থেকে ১৩ জুলাই সকাল পর্যন্ত এসব মৃত্যু ও রোগী শনাক্ত হন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৯১ জনের নমুনা পরীক্ষায় ২৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৪ দশমিক ৩৮ শতাংশ। এই সময়ে করোনায় তিন জন ও উপসর্গ নিয়ে ছয় জন মারা যান।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭০৬ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ১৬৭ জনের। জুলাই মাসের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই ১৩ দিনে জেলায় দুই হাজার ৯৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়াও ১৩ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৫২ জন ও উপসর্গ নিয়ে ৫১ জনের মৃত্যু হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৯০ জন ও উপসর্গ নিয়ে ৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকালের চেয়ে আজ রোগীর সংখ্যা বেশি বলে জানান তিনি।







