বাল্যবিয়েতে রাজি না হওয়ায় মাত্র ১৩ বছরের এক কিশোরীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এমন খবর পেয়ে সোমবার দুপুরে শিবালয় থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ছুটে যায় শিবালয়ের যমুনা নদীর দুর্গম আলোকদিয়া চরে। প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায় ওই স্কুলশিক্ষার্থী।
জানা যায়, শিবালয়ের তেওতা আলোকদিয়া চরের কুখ্যাত ডাকাত সর্দার জুলহাস মোল্লার বিবাহিত ছেলে সোলায়মানের (৩২) সঙ্গে বিয়ের কথা হয় মোদী মোল্লার কিশোরী মেয়ের। কিশোরী এ বিয়েতে অসম্মতি জানালে ডাকাত সর্দারের ভয়ে কিশোরীর বাবা তাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির জানান, কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ের আয়োজন করার খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার অফিসার-ফোর্স নিয়ে দুর্গম আলোকদিয়া চরে মোদী মোল্লার বাড়িতে উপস্থিত হন। মোদী মোল্লা ও তার কিশোরী কন্যাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সত্যতা মেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, কিশোরীর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোথায়ও তাকে বিয়ে দেবে না এমন শর্তে মুচলেকা প্রদান করেছেন তার বাবা মোদী মোল্লা। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ স্থানীয় গণ্যমানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েক মাস আগে ডাকাত সর্দার জুলহাস তার পুত্রবধুকে আগুনে পুড়িয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়। পুনরায় ছেলেকে বিয়ের জন্য এ কিশোরীর প্রতি তার নজর পড়ে।









