মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার অর্ধেকে নেমে এসেছে। ৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সে হিসাবে সোমবার (৩০ আগস্ট) করোনা শনাক্তের হার ২১ শতাংশ। রবিবার শনাক্তের হার ছিল ৪০ শতাংশ।
এর মধ্যে সদর উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ জনের। তবে ঠিক কি কারণে একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার অর্ধেকে নেমেছে তা নিশ্চিত নয় সংশ্লিষ্টরা।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ঠিক কি কারণে হঠাৎ করোনা শনাক্তের হার অর্ধেকে নেমে এলো তা বলতে পারছি না। তবে আগস্ট মাসজুড়ে মুন্সীগঞ্জে করোনা শনাক্তের হার বেশি ছিল। এমনকি গত কয়েকদিন ধরে সারাদেশে করোনা শনাক্তের হার ক্রমাগতভাবে কমতে শুরু করলেও মুন্সীগঞ্জে কমেনি। গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের হার ছিল ৪০ শতাংশ কিংবা এর আশপাশে।
তিনি আরও বলেন, অনুমান করছি দুটি কারণে করোনা শনাক্তের হার বেশি দেখিয়েছিল। হয়তো রোগীরা তাদের উপসর্গ না বাড়লে নমুনা পরীক্ষা করায় না, অথবা এটি যেহেতু সংক্রমণের মাধ্যমে ছড়ায় সেহেতু যে অঞ্চলে বাড়ে সে অঞ্চলে বাড়তে থাকে। তবে হঠাৎ করে করোনা শনাক্তের হার কমে যাওয়ার বিশেষ কারণ খুঁজে পাচ্ছেন না সিভিল সার্জন।
তিনি বলেন, আমরা বিশেষ কিছু করিনি। এখন আর তেমন কিছু করারও নেই। মাইকিং করে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন অব্যাহত আছে।
এদিকে, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনসহ মুন্সীগঞ্জে মারা গেছে ৯১ জন। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৮ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ২৪৩ জন।









