জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে দুই নারী নৃত্যশিল্পীকে উদ্ধার করতে গিয়ে গাজীপুরের কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীতে ভ্রমণকারীদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। বুধবার (০১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানা পুলিশের দাবি, ৯৯৯-এ কল করে ভুল তথ্য দিয়ে পুলিশের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। এর মধ্যে পুলিশের ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলারের মাঝি রফিকুল ইসলামকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিন পুলিশ সদস্য কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশের ব্যবহৃত ট্রলারটি নদীতে ডুবে গেছে।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, গাজীপুরের কালীগঞ্জ থেকে কমপক্ষে ৪৫ জন বুধবার ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ভ্রমণে বের হন। তারা পার্শ্ববর্তী গফরগাঁও এবং শ্রীপুর উপজেলার বরমী এলাকার নৌপথ ঘুরে রাত আনুমানিক ১০টার দিকে ফিরছিলেন। তাদের সঙ্গে দুইজন নারী নৃত্যশিল্পী ছিলেন। সেখানে ডিজে পার্টি হয়। তবে ফেরার সময় চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দেওয়ায় নৃত্যশিল্পীদের সঙ্গে ভ্রমণকারীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই দুই নৃত্যশিল্পী ৯৯৯-এ কল দিয়ে যৌন হয়রানির অভিযোগ করে তাদের রক্ষা করতে পুলিশে খবর পাঠান। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ একটি ট্রলার ভাড়া করে কাপাসিয়ার সাফাইশ্রী এলাকায় ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ভ্রমণকারীদের নৌযান থেকে পুলিশকে লক্ষ্য করে পানির খালি বোতল নিক্ষেপ করে। এক পর্যায়ে ভ্রমণকারীরা তাদের ট্রলার দিয়ে পুলিশের ব্যবহৃত ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের ব্যবহৃত ট্রলারটি নদীতে ডুবে যায়। ভ্রমণকারীরা পুলিশের ট্রলারের মাঝি রফিকুল ইসলামকে (৪৫) বেধড়ক পিটিয়ে আহত করে।
তিনি জানান, পুলিশ সদস্যরা আশপাশের মাঝিদের সহায়তায় আগ্নেয়াস্ত্রসহ কোনোরকমে তীরে উঠে প্রাণে বেঁচে যান। এ সময় পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেনসহ দুই কনস্টেবল আহত হন। পরে থানায় খবর পাঠালে বাড়তি জনবল গিয়ে ওই দুই নারীসহ ১৬ ভ্রমণকারীকে গ্রেফতার করে। তাদের অনেকে সাঁতরে পালিয়ে যায়। ওই ট্রলারে থাকা বাদ্যযন্ত্র জব্দ করা হয়েছে। মাঝি রফিকুল ইসলামকে ঢাকার পঙ্গু হাসপাতাল ভর্তি ও পুলিশ সদস্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ পুলিশ কর্মকর্তা আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ৩৯ জনের নাম উল্লেখসহ কমপক্ষে ৪৫ জনকে আসামি করা হয়েছে। ওই দুই নারীসহ গ্রেফতার ১৬ জনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।









