নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল (চিটাগাংরোড) এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ২৬৫ পিস অবৈধ ‘বিস্ফোরক দ্রব্য’ আতশবাজিসহ মো. পনির হোসেন (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বুধবার বিকালে র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গ্রেফতারকৃত পনির হোসেন গাজীপুর জেলার সদর থানার কয়ের এলাকার জনৈক রমজান আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে অবৈধ আতশবাজির ব্যবসা করে আসছিল। তার কাছ থেকে আতশবাজি কিনে নিয়ে বিভিন্ন অপরাধী চক্র জনসাধারণের জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে ব্যবহার করে থাকে। অপরাধী চক্র উক্ত আতশবাজি ব্যবহার করে দাঙ্গা-হাঙ্গামাসহ ভীতিকর বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে।









