দ্রুত ঢাকা-উত্তরবঙ্গের রেল লাইন ডাবল করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হওয়ার আগেই এ কাজ ধরা হবে।’
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের প্লাটফর্মের নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘২০২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হবে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে উত্তরবঙ্গের সব রেল লাইন ডাবল করা হবে। ফলে দুই লাইনে রেল চলাচল করতে পারে। সাধারণ মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহ। যাতে করে মানুষ রেলে বেশি যাতায়াত করে সেই দিকে নজর দেওয়া হবে।’
এ সময় স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।









